৪শ’ টাকার ভাড়া ৬শ’, সক্রিয় ভয়ংকর সিন্ডিকেট
দুদিন পরই কোরবানির ঈদ। খুশির ঝরনা মাথায় নিয়ে নাড়ির টানে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। এই সুযোগে রাজধানীর কাউন্টারের লোকজন সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছেন বাসের টিকিট মূল্য। যাত্রীদের চাপসহ নানা অজুহাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ অবস্থায় ক্ষুব্ধ যাত্রীদের তেমন কিছু করার নেই। ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের যে বাড়ি ফিরতেই হবে।
শুক্রবার দুপুরে সরেজমিন গাবতলীসহ কয়েকটি বাস টার্মিনালে গিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র চোখে পড়ে।
জানা গেছে, গাবতলী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারের টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। যারা আগে টিকিট কেটে রেখেছেন, তারা খুব সহজেই বাসে উঠতে পারছেন। আর টিকিট না কাটা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
শ্যামলী পরিবহনের কাউন্টারে একজন কর্মকর্তা জানান, চাঁদরাত পর্যন্ত সব টিকিটের বুকিং শেষ। ফলে অনেক যাত্রী চাইলেও নির্ধারিত বা পছন্দের পরিবহনে ভ্রমণ করতে পারবেন না।
সব টিকিট বিক্রি হয়ে গেলে যাত্রীর কি করে বাড়ি যাবেন- এমন প্রশ্নে হানিফ পরিবহনের একজন বলেন, চাহিদা বুঝে কর্তৃপক্ষ দু-একটা বাস ছাড়তে পারে। এগুলোর টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী বাস টার্মিনাল থেকে দিনে গড়ে একেকটি পরিবহনের ১০ থেকে ১২টি বাস ঢাকা ছেড়ে যায়। তবে সবগুলো বাস বিভিন্ন কারণে সময়মতো ঢাকায় ফিরতে পারছে না। এতে করে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, পোহাতে হচ্ছে ভোগান্তি।
সাভার থেকে গাবতলী বাস টার্মিনালে এসেছেন মাদরাসা ছাত্র সজিবুল ইসলাম। তিনি কুষ্টিয়া যাবেন। সজিবুল ইসলাম বলেন, রাবেয়া পরিবহন থেকে দুটি টিকিট কেটেছি। অন্যান্য সময় টিকিটের দাম ৪০০ টাকা হলেও আজ ৬০০ টাকা রাখা হয়েছে।
এ বিষয়ে রাবেয়া পরিবহনের বিক্রয়কর্মী শহিদুল ইসলাম বলেন, ঈদের জন্য ভাড়া একটু বেশি রাখা হচ্ছে। ঈদের সময় ঢাকা ফেরার সময় বাসগুলো একেবারে ফাঁকা আসে। তাই খরচ পুষিয়ে নিতে যাওয়ার যাত্রীদের কাছ থেকে ভাড়া একটু বেশি নেয়া হয়।
এছাড়া কাউন্টারের লোকজন আরো বলছেন, বাসের তুলনায় যাত্রীর চাহিদা বেশি। তাই টিকিটের দাম একটু বেশি রাখা হচ্ছে। ঈদের পর আবার আগের দামেই টিকিট বিক্রি হবে।
এদিকে বাস সংকট ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, সরকার নির্ধারিত যে ভাড়া, তার চাইতে বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরোটা সময় টার্মিনালে রয়েছেন। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।