ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পিএসসির দাবি: আবেদ আলী কোনো চেয়ারম্যানেরই গাড়িচালক ছিলেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২১, ১০ জুলাই ২০২৪
পিএসসির দাবি: আবেদ আলী কোনো চেয়ারম্যানেরই গাড়িচালক ছিলেন না
ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত আবেদ আলী কখনোই পিএসসির কোনো চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন না বলে খোদ পিএসসি দাবি করেছে। চাকরিজীবনে আবেদ আলী পিএসসির তিনজন সদস্য এবং একজন যুগ্মসচিবের গাড়িচালক ছিলেন।

পিএসসির প্রশাসন শাখা থেকে তথ্য আকারে বিষয়টি দেওয়া হয়েছে। বুধবার তার একটি কপি পাওয়া গেছে। যদিও এটি পিএসসির আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা বিবৃতি নয় বলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

পিএসসির দেওয়া তথ্যানুযায়ী, চাকরিজীবনে আবেদ আলী পিএসসির সদস্য মজিবুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন। এছাড়া একজন যুগ্মসচিবের গাড়িচালক ছিলেন তিনি।

Advertisement

কমিশনের দেওয়া ঐ তালিকা অনুযায়ী- অধ্যাপক ড. মো. মুস্তফা চৌধুরী ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। তার গাড়িচালক ছিলেন আলমগীর হোসেন। ২০০২-২০০৭ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকা অধ্যাপক ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালকও ছিলেন আলমগীর হোসেন।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন ড. সা’দত হুসাইন। তার সময়ে আলমগীর হোসেনই গাড়িচালক ছিলেন। তারপর নিয়োগ পাওয়া ইকরাম আহমেদের গাড়িচালক ছিলেন আবু বক্কর সিদ্দিক। এর পরের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের গাড়িচালক ছিলেন মোট তিনজন। তারা হলেন আবু বক্কর সিদ্দিক, শহিদ ও অনুত্তর চাকমা।

পিএসসির বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের গাড়িচালক হিসেবে বর্তমানে কর্মরত অনুত্তর চাকমা।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে গত রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। রাতেই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!