বন্যার্তদের ত্রাণ সহায়তার কার্যক্রমের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর উদ্যোগ ও তত্ত্বাবধানে এ পর্যন্ত ৬ হাজার কেজি চাল, ৯ হাজার ৬৯০ প্যাকেট শিশুখাদ্য, ৫০০টি মোবাইল ফোনসেট, ৪০ হাজার ৫০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৪৩ হাজার ৪৬০টি স্যানিটারি ন্যাপকিন, ৭০ কার্টুন পোশাক, ১ হাজার ৫৮৮টি বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ৫২২ জনকে চিকিৎসা সহায়তা প্রদান, ২ হাজার ৫০০ জন বন্যার্তকে উদ্ধার, ৪১ হাজার ৮২৭ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ৩ হাজার ২৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
.png)
সার্বিক পরিস্থিতি দেখতে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফেনীর ছাগলনাইয়া এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ফেনীর ফুলগাজী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তারা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম অধিকতর ফলপ্রসু করার লক্ষ্যে মতবিনিময় করেন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী দ্রুত বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা শুরু করে। নৌ কন্টিনজেন্ট ফুলগাজীতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছে। এছাড়া ৩০ বেডের ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে নৌবাহিনী বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে। একই সঙ্গে বিমানবাহিনী ১২টি হেলিকপ্টার দিয়ে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।