সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে: ধর্ম উপদেষ্টা
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ হবে বলে আশা প্রকাশ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যেসব দুর্বৃত্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, বংশানুক্রমিকভাবেই আমাদের অন্তর সংকীর্ণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও বিভিন্ন উপজাতির মানুষ যারা এদেশে বসবাস করে তাদের সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমরা অন্যদের আমাদের অন্তরে স্থান দিতে পারি না। আমরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক। এই অচলায়তন ভেঙে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে হবে।
.png)
তিনি আরো বলেন, পূর্বের সরকারগুলো দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোতে সহযোগিতা করার জন্য সাধারণত দুই কোটি টাকা বরাদ্দ দিতো। কিন্তু বর্তমান সরকার এ বছর ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া এবারই প্রথম প্রথাগত নিয়ম ভেঙে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আবহমানকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করে থাকে। এটি বাংলাদেশের ঐতিহ্য। এ বছর তারা আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।