ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অনুদান দেওয়ার কথা বলে আন্দোলনে শহিদ পরিবারের টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৩, ১৮ অক্টোবর ২০২৪
অনুদান দেওয়ার কথা বলে আন্দোলনে শহিদ পরিবারের টাকা আত্মসাৎ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা।

গ্রেফতারকৃত মো. আকাশ ব্যাপারী মাদারীপুরের শিবচর থানার সূর্য্যনগর এলাকার চৌধুরী কান্দির দত্ত পাড়া গ্রামের ইসকান ব্যাপারীর ছেলে। শুক্রবার মাদারীপুরের শিবচর থানার সূর্য্যনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক তাকে গ্রেফতার করে সিআইডির ঐ টিম।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কিশোরগঞ্জের সিফাতের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারক চক্র ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে বলে গত ৬ অক্টোবর সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগে জানান ভুক্তভোগীরা। চক্রটি অর্থ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা সেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে কল দেয়। এরপর টাকা দেওয়ার কথা বলে শহিদ পরিবারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায় এবং সুকৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেয়। পরে টাকা দেওয়ার সিরিয়াল নাম্বার এর কথা বলে ওটিপি নেয়। ওটিপি নেয়ার পর প্রতারক চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়।

এতে আরো বলা হয়, সাইবার ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য কেনে।

সিআইডি জানায়, শুক্রবার সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুরের শিবচর থানার সূর্য্যনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মো. আকাশ ব্যাপারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধ স্বীকার করে জানায়, তারা ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!