ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জনকল্যাণে বাধা দিলে ছাড় নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১৬ আগস্ট ২০২৬
জনকল্যাণে বাধা দিলে ছাড় নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান; ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়।

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

পতিত স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে বর্তমানে দেশ পুনর্গঠনের কাজ চলছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান।

যেকোনো সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যারা দেশের মানুষের বিরুদ্ধে কথা বলবে এবং জনকল্যাণমূলক পদক্ষেপে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জনগণের দেওয়া আস্থার ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত দল হিসেবে বিএনপি সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।
এদিকে, রোববার সকালে পাকুন্দিয়র মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি সমগ্র দেশের মানুষ, শুধু ঢাকা শহর না জেলা-উপজেলার বহু মানুষ এই মুহূর্তের বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। এই বিদ্যুতের সমস্যা যে স্বৈরাচারকে এ দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।’

তারেক রহমান আরো বলেন, ‘দেশের জনগণ যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছে, বিএনপি দেশের মানুষের দল। বিএনপি এ দেশের স্বার্থেই কাজ করবে। বিএনপি এ দেশের মানুষের স্বার্থে কাজ করবে। আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’

এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। 

ঢাকার বাইরে কোনো জেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে বেলা একটায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!