ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’, উন্নয়ন ছড়ানোর আহ্বান মন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’, উন্নয়ন ছড়ানোর আহ্বান মন্ত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বিএনপি সরকারের গত ছয় মাসের উন্নয়ন ও অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না। বিএনপি যতবারই সরকার গঠন করেছে, ততবারই সফলভাবে দেশ পরিচালনা করেছে। জিয়াউর রহমানের সময়ে বিএনপি সরকার সফল হয়েছে, খালেদা জিয়ার সময়েও সফল হয়েছে। এখন তারেক রহমান নতুন উদ্যম ও ডাইনামিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।’

বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, একটি পক্ষ মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টি ও বিভিন্ন ধরনের অপসংস্কৃতির মাধ্যমে তারেক রহমান সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেককে দলের মিডিয়া সেল হিসেবে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্য তুলে ধরতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা পৌঁছে দিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফীসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে একটি বড় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!