ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডে প্রতিশোধ নেই: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডে প্রতিশোধ নেই: জাহেদ উর রহমান
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার ট্রাইব্যুনালের এ রায়কে স্বাগত জানায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Advertisement

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ মামলায় সরকারের সরাসরি কিছু বলার নেই। রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম মামলার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, কারও মৃত্যুদণ্ডের রায়ে আনন্দিত হওয়ার চেয়ে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। সরকার সেই ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

আসামিরা দেশে থাকলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেতেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, আসামিরা আদালতে উপস্থিত থাকলে অভিযোগগুলোর বিরুদ্ধে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারতেন। তবে তারা উপস্থিত না থাকায় সেই সুযোগ হয়নি। মামলার বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতেই সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে বলে সরকার মনে করে।

তিনি বলেন, সরকার এসব শাস্তির রায়কে স্বাগত জানায়। তবে এর সঙ্গে কোনো ধরনের প্রতিশোধস্পৃহার সম্পর্ক নেই।

জাহেদ উর রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, সমাজে তা বাস্তবায়িত হচ্ছে কি না, সেটিই সরকার দেখতে চায়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!