যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা
কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় দূতাবাস।
পোস্টে বলা হয়, কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচিত হতে পারেন।
এর আগে আরেকটি পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে তথ্য দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, এ ধরনের ভিসায় পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা-সম্মেলনে অংশ নেওয়ার মতো উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া যায়।