ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৪ ঘণ্টার পর উড়ল প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ২৯ অক্টোবর ২০২৬
৪ ঘণ্টার পর উড়ল প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান
সংগৃহীত ছবি

প্রায় চার ঘণ্টা বিলম্বের পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি জাপান সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নারিতা বিমানবন্দর ছেড়ে গেছে। উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা আছেন। রাত আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটের বিলম্ব হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দিয়েছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।

তিনি আরও জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!