ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ৩ নভেম্বর ২০২৬
তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের
সংগৃহীত ছবি

বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়াতে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। এ জন্য ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

অনুষ্ঠানে ইতালি দূতাবাসের সহযোগিতা চেয়ে মাহদী আমিন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতালিতে কর্মসংস্থানের জন্য চালু হওয়া প্রশিক্ষণ মডেল অনুসরণ করে ইতালীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে চালুর ক্ষেত্রে দূতাবাসের সহযোগিতা নিতে চায় সরকার। পাশাপাশি অন্যান্য ভাষা শেখার উদ্যোগও নেওয়া হবে।

তিনি বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রম সরকারের কাছে বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়। বরং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন ও সম্প্রসারণের একটি মডেল। ইতালির অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উত্তম চর্চা কাজে লাগিয়ে সরকারি পর্যায়ে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় উদ্যোগটি এগিয়ে নেওয়া সম্ভব।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়া কর্মীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি জানান, প্রশিক্ষণার্থীরা ইতালীয় ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট পেশাগত দক্ষতা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ নিচ্ছেন। পাঁচ থেকে ছয় মাসের এই প্রশিক্ষণে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানো হচ্ছে। এসব দক্ষতা কাজে লাগিয়ে ইতালিতে গেলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মাহদী আমিন বলেন, প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থায় (টিভিইটি) এই মডেল যতটা সম্ভব সম্প্রসারণের চেষ্টা করবে সরকার। প্রশিক্ষণার্থীরা শুধু নিজেদের কর্মজীবন গড়ছেন না, বরং দেশের জন্যও একটি নতুন মডেল তৈরি করছেন। তাদের অনুসরণ করে পরবর্তী প্রজন্মের কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে যাওয়ার সময় প্রশিক্ষণার্থীদের হাতে এ কার্ড তুলে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কার্ডের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো, পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা সহযোগিতা পাবেন। এ ছাড়া দক্ষ অভিবাসনের জন্য মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সহায়তা দেবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে তাদের বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। এতে তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!