এই অদৃশ্য শক্তির একটি গুরুত্বপূর্ণ নাম হলো আত্মসম্মান বা আত্মমর্যাদা। আত্মমর্যাদা মানে অহংকার নয়। এটি হলো নিজের বিবেক, নীতি ও দায়িত্বের প্রতি সম্মান। একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ জানেন, কিছু সাময়িক সুবিধা লাভজনক মনে হলেও নিজের নৈতিক অবস্থান হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছু নেই। তিনি এমন কাজ করেন না, যা নিজের কাছেই তাঁকে ছোট করে দেয়।
একজন মানুষের মতো একটি জাতিরও আত্মমর্যাদা থাকতে পারে। যখন একটি দেশের মানুষ বিশ্বাস করে যে নিয়ম মানা দুর্বলতা নয়, বরং সভ্যতার পরিচয়, তখন সেই সমাজে আস্থা তৈরি হয়। আর যেখানে আস্থা থাকে, সেখানে প্রতিষ্ঠান শক্তিশালী হয়, অর্থনীতি এগিয়ে যায় এবং মানুষ ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখতে শেখে।
.png)
বহু বছর আগে জার্মানিতে যাওয়ার সময় এমন একটি ছোট ঘটনা আমার চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আমার সঙ্গে ছিলেন আমার বড় ভাই। আমরা মিউনিখ বিমানবন্দরে নেমে শহরের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম। বিমানবন্দর থেকেই নিয়ম অনুযায়ী টিকিট কিনেছিলাম। আমাদের সেজো ভাই জার্মানিতে থাকেন। সেদিন তাঁর বাসায় যাওয়াই ছিল আমাদের উদ্দেশ্য।
ট্রেন ছাড়ার কয়েক মিনিট পর একজন টিকিট পরীক্ষক এলেন। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের টিকিট দেখালাম। তিনি টিকিট পরীক্ষা করে বললেন, “আপনারা টিকিট কিনেছেন, কিন্তু ট্রেনে ওঠার আগে মেশিনে টিকিট ভ্যালিড করেননি। তাই এই টিকিট কার্যকর নয়।”
আমরা অবাক হয়ে গেলাম। কারণ আমাদের ধারণা ছিল, টিকিট কেনাই যথেষ্ট। তিনি জানালেন, জার্মানির নিয়ম অনুযায়ী ভ্যালিড টিকিট ছাড়া ট্রেনে উঠলে ৬০ ইউরো জরিমানা দিতে হয়। আমাদের দুজনের জরিমানা হবে ১২০ ইউরো।
আমার বড় ভাই কোনো কথা না বাড়িয়ে তাঁর ভিসা কার্ড বের করলেন। কিন্তু আমার মনে হলো, বিষয়টি ব্যাখ্যা করা দরকার। আমি ভদ্রভাবে বললাম, “আমরা বুঝতে পারছি যে নিয়ম অনুযায়ী টিকিট ভ্যালিড করা দরকার ছিল। কিন্তু আমরা তো টিকিট কিনেই ট্রেনে উঠেছি। আমরা ইচ্ছা করে কোনো নিয়ম ভাঙিনি। আপনি চাইলে বিষয়টি ঠিক করে দিতে পারেন।”
টিকিট পরীক্ষক শান্তভাবে বললেন, “আমার কাজ হলো টিকিট পরীক্ষা করা এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া। নিয়মের বাইরে যাওয়া আমার দায়িত্ব নয়।”
আমি চেষ্টা করেছিলাম তাঁকে বোঝাতে। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। বরং একসময় বললেন, আমার বারবার অনুরোধে তাঁর আত্মমর্যাদায় আঘাত লাগছে, কারণ তাঁর কাছে নিজের দায়িত্বের প্রতি সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেদিন আমরা জরিমানা দিয়েছিলাম। কিন্তু সেই ঘটনার মাধ্যমে যে শিক্ষা পেয়েছিলাম, তার মূল্য ১২০ ইউরোর চেয়ে অনেক বেশি।
সেদিনের সেই ছোট্ট ঘটনা আমাকে একটি বড় সত্য উপলব্ধি করতে সাহায্য করেছিল। একটি উন্নত সমাজ শুধু বড় বড় প্রতিষ্ঠান, আধুনিক প্রযুক্তি বা শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকে না, তার ভিত্তি তৈরি হয় মানুষের দৈনন্দিন আচরণ, দায়িত্ববোধ এবং নৈতিক অবস্থানের ওপর।
পরে বিষয়টি নিয়ে আমাদের আত্মীয়দের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম, জার্মানিতে নিয়ম মানা শুধু শাস্তির ভয়ে করা হয় না। এটি তাদের সামাজিক সংস্কৃতির অংশ। সেখানে একজন মানুষ মনে করেন, নিয়ম ভাঙা মানে শুধু আইন অমান্য করা নয়, বরং সেই ব্যবস্থার প্রতি অবিচার করা, যার ওপর সবাই নির্ভর করে।
একজন ব্যক্তি যদি নিজের সুবিধার জন্য একটি নিয়ম ভাঙেন, সেটিকে অনেক সময় ছোট বিষয় মনে হতে পারে। কিন্তু সমাজের কোটি মানুষ যদি একইভাবে ভাবতে শুরু করে, তাহলে সেই ছোট ছোট ব্যতিক্রম একসময় বড় সমস্যায় পরিণত হয়। একটি সুশৃঙ্খল সমাজ গড়ে ওঠে তখনই, যখন মানুষ বোঝে যে তার ব্যক্তিগত আচরণের সঙ্গে সামগ্রিক সমাজের সম্পর্ক রয়েছে।
আত্মমর্যাদার প্রকৃত অর্থ এখানেই। আত্মমর্যাদা মানে শুধু অন্যের কাছ থেকে সম্মান পাওয়া নয়, বরং নিজের কাজের মাধ্যমে নিজের কাছে সম্মানিত থাকা। একজন মানুষ যখন জানেন যে তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, তখন তাঁর ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। তিনি জানেন, সাময়িক সুবিধা হারালেও তিনি নিজের নীতির কাছে পরাজিত হননি।
কোনো জাতি জন্মগতভাবে উন্নত বা অনুন্নত হয় না। একটি জাতির চরিত্র গড়ে ওঠে দীর্ঘদিনের চর্চার মাধ্যমে। পরিবার, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং নাগরিক আচরণ, সবকিছু মিলেই একটি জাতির মানসিকতা তৈরি করে।
একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। সেখানে সে শেখে সত্য বলা, অন্যের অধিকারকে সম্মান করা, নিজের ভুল স্বীকার করা এবং অন্যায় সুবিধা গ্রহণ না করা। শিশুরা শুধু উপদেশ শুনে শেখে না, তারা বড়দের আচরণ দেখে শেখে। যদি একটি শিশু দেখে যে নিয়ম ভেঙে কাজ আদায় করাই বুদ্ধিমত্তা, তাহলে ভবিষ্যতে সেই মানসিকতাই তার কাছে স্বাভাবিক হয়ে উঠবে। আর যদি সে দেখে সততা ও দায়িত্বকে পরিবারে সম্মান করা হচ্ছে, তাহলে সেই মূল্যবোধ তার চরিত্রের অংশ হয়ে যাবে।
এরপর আসে শিক্ষার ভূমিকা। শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা বা একটি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করা নয়। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত একজন দায়িত্বশীল মানুষ তৈরি করা।
কারণ জ্ঞান ও দক্ষতা যদি নৈতিকতার সঙ্গে যুক্ত না হয়, তাহলে সেই দক্ষতা কখনো কখনো সমাজের জন্য ক্ষতিকরও হতে পারে। একজন দক্ষ প্রকৌশলী যদি অসৎ হন, তাহলে একটি নির্মাণকাজ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। একজন চিকিৎসক যদি নৈতিকতা হারান, তাহলে রোগীর আস্থা নষ্ট হয়। একজন প্রশাসক যদি দায়িত্ব ভুলে যান, তাহলে একটি প্রতিষ্ঠানের ভিত দুর্বল হয়ে পড়ে।
অন্যদিকে একজন সৎ ও দায়িত্বশীল মানুষ, তিনি যে পেশাতেই থাকুন না কেন, নীরবে সমাজকে শক্তিশালী করেন। তাঁর কাজ হয়তো সবসময় আলোচনায় আসে না, কিন্তু তাঁর সততা একটি জাতির নৈতিক ভিত্তিকে মজবুত করে।
রাষ্ট্রের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রের শক্তি শুধু তার আইন প্রণয়নের ক্ষমতায় নয়, বরং সেই আইন কতটা নিরপেক্ষভাবে কার্যকর হয় তার ওপর নির্ভর করে। মানুষ যখন দেখে আইন সবার জন্য সমান, তখন তাদের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি হয়। কিন্তু যখন তারা দেখে ক্ষমতাবান ও সাধারণ মানুষের জন্য আলাদা নিয়ম, তখন ধীরে ধীরে বিশ্বাস নষ্ট হয়।
একটি সমাজে আইনের প্রতি শ্রদ্ধা তৈরি হয় তখনই, যখন মানুষ অনুভব করে যে ন্যায়বিচার সত্যিই প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ আইন শুধু আদালতের কাগজে থাকে না, আইন মানুষের মনেও প্রতিষ্ঠিত হতে হয়।
মিউনিখের সেই ট্রেনযাত্রার ঘটনাটি তাই আজও আমার কাছে শুধু একটি জরিমানার স্মৃতি নয়, এটি একটি জাতির চরিত্রের সঙ্গে পরিচয়ের ঘটনা। একজন সাধারণ টিকিট পরীক্ষক আমাকে বুঝিয়েছিলেন, নিজের দায়িত্বকে সম্মান করা মানে নিজের অস্তিত্বকে সম্মান করা।
জার্মানির সাফল্যের গল্প তাই শুধু অর্থনীতি, প্রযুক্তি কিংবা শিল্পের গল্প নয়, এটি একটি জাতির চরিত্র গঠনের গল্প। সেখানে নিয়ম মানা ভয়ের কারণে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধার কারণে। কাজের মর্যাদা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি আস্থা, এগুলোই তাদের উন্নয়নের অদৃশ্য ভিত্তি।
জার্মানির মতো হতে হলে আমাদের জার্মান ভাষা শেখার প্রয়োজন নেই, তাদের সংস্কৃতিকে অন্ধভাবে অনুকরণ করারও প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি বিষয় শেখার, নিজের অবস্থান থেকে নিজের দায়িত্বকে নিজের আত্মমর্যাদার অংশ হিসেবে গ্রহণ করা।
কারণ একটি জাতির পরিবর্তন শুরু হয় তখনই, যখন একজন শিক্ষক মনে করেন তাঁর শ্রেণিকক্ষই দেশের ভবিষ্যৎ, একজন চিকিৎসক মনে করেন প্রতিটি রোগী তাঁর নৈতিক দায়িত্ব, একজন সরকারি কর্মকর্তা মনে করেন জনগণের করের প্রতিটি টাকা তাঁর কাছে আমানত, একজন ব্যবসায়ী মনে করেন গ্রাহকের বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় মূলধন এবং একজন সাধারণ নাগরিক মনে করেন আইন মানা তাঁর দুর্বলতা নয়, বরং তাঁর ব্যক্তিত্বের পরিচয়।
কারণ একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় শুধু তার সম্পদ দিয়ে নয়, তার মানুষের চরিত্র দিয়ে।
শেষ পর্যন্ত এসে প্রশ্নটি একটিই থেকে যায়, একজন মানুষ এবং একটি জাতি নিজের আত্মমর্যাদাকে ঠিক কতটা মূল্য দেয় বা গুরুত্ব দিয়ে ধারণ করে?
প্রশ্নটি যতটা সহজ শোনায়, তার উত্তর ততটাই গভীর। কারণ এই একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে একটি মানুষ, একটি প্রতিষ্ঠান এবং একটি রাষ্ট্রের সাফল্য কিংবা ব্যর্থতার অনেক উত্তর। যে মানুষ নিজের আত্মমর্যাদাকে ধারণ করে, সে নিজের বিবেকের সঙ্গে আপস করে না। যে প্রতিষ্ঠান নিজের মর্যাদা রক্ষা করে, সে ক্ষমতা, অর্থ বা প্রভাবের কাছে নতি স্বীকার করে না। আর যে জাতি আত্মমর্যাদাকে জাতীয় চরিত্রের ভিত্তি হিসেবে গড়ে তোলে, সেই জাতির উন্নয়ন শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকে না, তা ন্যায়বিচার, আস্থা, শৃঙ্খলা এবং মানবিক মর্যাদার মধ্যেও প্রতিফলিত হয়।
তাই শেষ প্রশ্নটি আবারও ফিরে আসে, আমাদের আত্মমর্যাদা আছে তো?
এই প্রশ্নটি শুধু একজন ব্যক্তির জন্য নয়। এটি প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমগ্র জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ আজ আমরা যে মূল্যবোধকে ধারণ করব, আগামী প্রজন্ম সেই মূল্যবোধের ওপরই তাদের বাংলাদেশ গড়ে তুলবে, আর সেই মূল্যবোধই নির্ধারণ করবে শুধু একজন মানুষের পরিচয় নয়, একটি সমাজের ভবিষ্যৎ এবং একটি জাতির অগ্রযাত্রা।
লেখক : রহমান মৃধা, গবেষক ও লেখক
সাবেক ফাইজার নির্বাহী, সুইডেন