ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মতামত ]
কাগজে লেখা মনের কথা

আজ আন্তর্জাতিক চিঠি দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬, ১ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চিঠি দিবস
ছবি : এআই

‘ভালো আছি, ভালো থেকো—আকাশের ঠিকানায় চিঠি লিখো।’ একসময় প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। খামের ওপর ডাকটিকিট লাগানো, কাগজে মনের আবেগ তুলে ধরা আর ডাকপিয়নের অপেক্ষায় দিন গোনা—এসব স্মৃতি এখন অনেকটাই অতীতের অংশ।

কাগজে আঙুলের স্পর্শ, কালির গন্ধ আর হাতে লেখা অক্ষরের মধ্যে যে আবেগ লুকিয়ে থাকত, আধুনিক যুগের ক্ষুদে বার্তায় সেই অনুভূতির দেখা মেলা কঠিন। হারিয়ে যেতে বসা সেই আবেগ, স্মৃতি ও হাতের লেখার শিল্পকে স্মরণ করে আজ ১ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক চিঠি দিবস।

Advertisement

একসময় দূরের মানুষের সঙ্গে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল চিঠি। ইতিহাসের বিভিন্ন সময়ে রাজকীয় বার্তা আদান-প্রদান থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের খবর, বন্ধুত্ব, প্রেম কিংবা মান-অভিমান—সব ক্ষেত্রেই চিঠির ছিল বিশেষ ভূমিকা।

মুখে বলা সম্ভব নয় এমন অসংখ্য অনুভূতি ও মনের গোপন কথা একসময় কাগজের পাতায় অক্ষরে অক্ষরে ফুটে উঠত। প্রিয়জনের পাঠানো একটি চিঠির জন্য ডাকপিয়নের পথ চেয়ে থাকার মধ্যে ছিল এক ধরনের মধুর প্রতীক্ষা।

আধুনিক প্রযুক্তির বিকাশে যোগাযোগের ধরন বদলে গেছে। মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও তাৎক্ষণিক বার্তার ভিড়ে ব্যক্তিগত চিঠি লেখার অভ্যাস কমে এসেছে। তবুও অনুভূতি প্রকাশের ক্ষেত্রে হাতে লেখা চিঠির আবেদন পুরোপুরি হারিয়ে যায়নি।

ইংরেজি সাহিত্যিক সমারসেট মমের কথার মতোই, বর্তমান সময়ে চিঠি লেখা ধীরে ধীরে হারিয়ে যাওয়া এক শিল্পে পরিণত হচ্ছে। তবে দাপ্তরিক প্রয়োজনের বাইরে আজও অনেক মানুষ বিশেষ অনুভূতি প্রকাশের জন্য কাগজ ও কলমকেই বেছে নেন।

হারিয়ে যেতে বসা চিঠি লেখার এই সংস্কৃতি ও হাতের লেখার শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৪ সাল থেকে প্রতিবছর ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস পালিত হয়ে আসছে।

অস্ট্রেলীয় লেখক রিচার্ড সিম্পকিনের উদ্যোগে দিবসটির প্রচলন হয়। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির কাছে চিঠি পাঠাতেন। তাদের কাছ থেকে পাওয়া উত্তর ও সেই আনন্দ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

পরবর্তীতে নতুন প্রজন্মকে হাতে লেখা চিঠির আবেগ ও গুরুত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আন্তর্জাতিক চিঠি দিবস পালনের উদ্যোগ নেন তিনি।

ডিজিটাল যুগে যোগাযোগের অসংখ্য মাধ্যম তৈরি হলেও হাতে লেখা একটি চিঠির আবেগ, স্পর্শ ও আন্তরিকতা আজও আলাদা। সময় বদলেছে, যোগাযোগের ধরনও পাল্টেছে; তবে কাগজের বুকে লেখা মনের কথার আবেদন হয়তো কখনোই পুরোপুরি হারিয়ে যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!