ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন কার্যক্রম সমন্বয়ের জন্য জাতীয়তাবাদী ঐক্য পরিষদের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও নির্বাচন কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব পালন করবে এই কমিটি।
কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তির পাশাপাশি আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কার্যক্রম পর্যালোচনা ও সার্বিক সমন্বয়ের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।