শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে স্পিনের অবিশ্বাস্য ইন্দ্রজাল বুনে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছেন । ব্যাট হাতে রান না পাওয়ার ক্ষোভ যেন বল হাতে উগড়ে দিলেন তিনি।
ইনিংসের দ্বিতীয়ভাগে হ্যাটট্রিকসহ মাত্র ৫ রানে ৭ উইকেট শিকার করে নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখলেন এই অলরাউন্ডার।
.png)
বুধবার দুবাইতে ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট নেন ৩৬ বছর বয়সী আতাপাত্তু। এর মাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার ষষ্ঠ বোলার হলেন এই অফস্পিনার।
আতাপাত্তুর এই বোলিং ফিগার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল থাইল্যান্ডের অফ স্পিনার ওংপাকা লিংপ্রাসার্টের। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া মেয়েদের এশিয়া কাপে ৫ উইকেটের কৃতিত্ব আছে শুধু পাকিস্তানের দুই বোলারের- উমাইমা সোহেল (১৩ রানে ৫ উইকেট) ও নিদা দারের (২১ রানে ৫ উইকেট)।
আতাপাত্তুর এই বিধ্বংসী স্পেলে ভর করে ইন্দোনেশিয়াকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালের দৌড়ে এক পা দিয়ে রাখল লঙ্কানরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রানের পুঁজি পায় লঙ্কানরা।