ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
চবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্য হালনাগাদ ও নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ‘একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক আত্মার বাঁধন’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের সামনে বুথ স্থাপন করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, পুরোনো রক্তদাতাদের তথ্য হালনাগাদ এবং বাঁধনের কার্যক্রমে আগ্রহী নবীন শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বাঁধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসচিব জাকিরুল ইসলাম বলেন, একজনের রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা বাঁধনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বাঁধনের কার্যক্রম শুধু রক্তের গ্রুপ নির্ণয় কিংবা রক্ত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজনের সময়ে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করাও সংগঠনটির অন্যতম কাজ। এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের কোষাধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, বাঁধনের কার্যক্রমে নবীন শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ আশাব্যঞ্জক। জরুরি পরিস্থিতিতে নিজের রক্তের গ্রুপ জানা এবং দ্রুত রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকেই রক্তের গ্রুপ জানা থাকলে দুর্ঘটনা, অস্ত্রোপচার বা অন্য কোনো জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সম্ভব।

তিনি শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ জানার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি নবীন সদস্য সংগ্রহের মাধ্যমে নতুন শিক্ষার্থীদেরও বাঁধনের মানবিক কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, শুধু নিজের রক্তের গ্রুপ জানাই যথেষ্ট নয়; প্রয়োজনের সময়ে অন্যের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতাও তৈরি করতে হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাহিদুল ইসলাম আরও বলেন, বাঁধন বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি সারাদেশে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। মানবিক এ কার্যক্রমে আরও বেশি তরুণকে যুক্ত করার প্রত্যাশা রয়েছে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি, রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তের সংকট কমানোই কর্মসূচিটির মূল উদ্দেশ্য।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!