ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে পুকুরে মিলল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ৪ অক্টোবর ২০২৬
বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে পুকুরে মিলল যুবকের মরদেহ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোররাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর ঘরে ফেরেননি তিনি। সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান তার মা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে রতনের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা রহিম বক্স জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মাতলামি করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর করতেন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!