ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ৩ অক্টোবর ২০২৬
কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে ইউরেনিয়ামবাহী বিশেষ লরিবহর।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী একটি বহর। চারটি বিশেষ লরিতে করে সড়কপথে এই জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী লরিগুলো রওনা হয়। পথে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকা অতিক্রম করে বহরটি হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি দেয়। প্রায় ৫০ মিনিট পর আবার রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ইউরেনিয়াম পরিবহনের পুরো যাত্রাপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

Advertisement

তিনি জানান, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ইউরেনিয়ামবাহী বিশেষ লরিগুলো পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে। সেখানে ৫০ মিনিটের যাত্রাবিরতি শেষে বহরটি আবার রূপপুরের পথে রওনা হয়। সম্ভাব্য যেকোনো ঝুঁকি এড়াতে পুরো রুটে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় জ্বালানির চালানটি গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!