রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গাড়িবহরটি ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা শুরু করে।
সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ইউরেনিয়ামের চালানটি রূপপুরে নেওয়া হয়। এ সময় ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কয়েকটি স্থানে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে চালানটি রাশিয়া থেকে ঠিক কবে বাংলাদেশে পৌঁছেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি।
এর আগে গত ৩ অক্টোবর একইভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য আরও সাতটি জ্বালানির চালান রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে।