মাদকবিরোধী সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক হোসেন
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঢাকা-৬ আসনের বাসিন্দাদের নিয়ে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা-৬ এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যে গঠিতব্য সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা নেবে।
ইশরাক হোসেনের ভাষ্য, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে বলেও পোস্টে উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদপত্র, অনলাইন মাধ্যম ও গণমাধ্যমের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এ উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। তবে এসব বাধা অতিক্রম করে উদ্যোগটি সফল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক হোসেন আরও লেখেন, অপরাধী বা গণমাধ্যমের কোনো পক্ষই তাকে এ উদ্যোগ থেকে বিরত রাখতে পারবে না। একই সঙ্গে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।