ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজযাত্রীদের প্লেন ভাড়া কমানোর নির্দেশ সরকারের

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ১৭ মার্চ ২০২৩
হজযাত্রীদের প্লেন ভাড়া কমানোর নির্দেশ সরকারের
ফাইল ফটো

হজযাত্রীদের খরচ নিয়ে হাইকোর্টের নির্দেশনার পর এবার প্লেন ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার প্রত্যেক হজযাত্রীর প্লেন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে হজের খরচ অনেক বেড়ে গেছে। ফলে পূরণ হয়নি হজের চূড়ান্ত নিবন্ধনের কোটা। বৃহস্পতিবার এ প্লেন ভাড়া কমানোর নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়।

গত মঙ্গল ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট।

Advertisement

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়। প্লেন ভাড়া কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে কমিটি।

এদিকে পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ১৬৪ জন নিবন্ধন করেছেন। এখনো ২৫ হাজার ৪৮০ জনের কোটা খালি রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!