ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৬
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই
মাওলানা এহসানুল হক    ফাইল ছবি

পাকিস্তানের রায়বেন্ড মারকাজসহ বিশ্বের তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ বিভিন্ন দেশে তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাওলানা এহসানুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Advertisement

হাবিবুল্লাহ রায়হান জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত ছিলেন।

মাওলানা এহসানুল হক দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতের মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে ভূমিকা রাখেন। ইলম শিক্ষা, শিক্ষকতা ও দাওয়াতি কাজের পাশাপাশি তিনি তাবলিগের প্রবীণ মুরব্বিদের সান্নিধ্যে থেকে দ্বীনি খেদমত করেন।

পারিবারিকভাবেও তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান। বাবু বশির সাহেব বাংলাদেশের তাবলিগের মেহনত এগিয়ে নিতে কাজ করেছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্য, তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন।

শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে একই সময়ে অধ্যয়ন করেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন এবং পরে দীর্ঘদিন তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন।

ছাত্রজীবনেই তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন। পড়াশোনা শেষে তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেওয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন।

তাবলিগের নির্ধারিত সময়ের মেহনত শেষে তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে মাওলানা হারুন সাহেবের সঙ্গেও শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাওলানা ইউসুফ সাহেব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে যান। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি কাজের পাশাপাশি মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাবলিগের মেহনতের পাশাপাশি মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

দীর্ঘ ইলমি জীবন, প্রবীণ আলেম ও মুরব্বিদের সান্নিধ্য এবং দাওয়াতি কাজে অবদানের কারণে মাওলানা এহসানুল হক তাবলিগ জামাতের অঙ্গনে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে দাওয়াত ও তাবলিগের কাজে একজন প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেমকে হারালেন তাঁর দ্বীনি সাথী ও অনুসারীরা।

ডেইলি-বাংলাদেশ/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!