ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই প্রতিনিধি নির্বাচিত
ছবি: ডেইলি বাংলাদেশ

১৪তম লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য চূড়ান্তভাবে দুই কৃতী হাফেজ নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশ জোনের চূড়ান্ত বাছাই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া দুই শতাধিক হাফেজের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হয়।

চূড়ান্ত বাছাই পরীক্ষায় সম্পূর্ণ কোরআন হিফজ (বড় গ্রুপ)-এ প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মূল প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ মুয়াজ মাহমুদ। একই গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে বিকল্প প্রতিনিধি হয়েছেন হাফেজ রাফসান মাহমুদ জিসান।

অন্যদিকে সম্পূর্ণ কোরআন হিফজ (ছোট গ্রুপ)-এ প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ বশির আহমদ। এ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ নূরউদ্দিন জাকারিয়াকে বিকল্প প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Advertisement

আয়োজকেরা জানান, নির্বাচিত দুই গ্রুপের চারজন কৃতী হাফেজের মধ্য থেকে দুজন মূল প্রতিনিধি লিবিয়ায় অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত দুই প্রতিযোগীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

বিচারকমণ্ডলীতে ছিলেন কোরআন ও ক্বিরাত বিশেষজ্ঞরা

বাংলাদেশ জোনের চূড়ান্ত বাছাই কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিশিষ্ট কোরআন ও ক্বিরাত বিশেষজ্ঞরা। তাঁরা হলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের হিফজ বিভাগের প্রধান মাওলানা হাফেজ আবু মুসা এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও সংগঠনের নেতারা

চূড়ান্ত বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের প্রধান মুফতি হযরতুল আল্লাম মুফতি ইয়াহিয়া, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহসভাপতি মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, সহপ্রচার সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, সাতরওজা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নিজাম উদ্দিন, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের হিফজ বিভাগের উপপ্রধান মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, সহঅর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ নূরী, সহদপ্তর সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী জামিয়ার সাবেক মুদাররিস হাফেজ মাওলানা আসাদুল্লাহ উসমানীসহ সংগঠনের নেতারা।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে আয়োজিত এ বাছাই কার্যক্রমে অংশ নেওয়া সব হাফেজকে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকেরা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দুই কৃতী হাফেজের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবেন এবং পবিত্র কোরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!