নামাজিদের যে ৩ বিষয়ে সতর্ক করেছে কোরআন
নামাজ মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গির সমষ্টি নয়; বরং নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে তার রবের গভীর সম্পর্ক প্রকাশ পায়।
তাই নামাজ আদায় করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নামাজ কীভাবে পড়া হচ্ছে, কী উদ্দেশ্যে পড়া হচ্ছে এবং এর প্রভাব ব্যক্তির জীবন ও আচরণে কতটা প্রতিফলিত হচ্ছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
.png)
কোরআনে এমন কিছু নামাজির ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাদের বাহ্যিকভাবে নামাজ আদায় করলেও ইবাদতের ক্ষেত্রে রয়েছে গাফেলতি ও লোক দেখানোর প্রবণতা। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন; যারা লোক দেখায় এবং সামান্য সাহায্য-সহযোগিতাও করতে চায় না।’ (সুরা মাউন, আয়াত ৪-৭)
এখানে লক্ষণীয় বিষয় হলো, আয়াতে নামাজ না পড়া ব্যক্তিদের কথা বলা হয়নি; বরং সতর্ক করা হয়েছে এমন কিছু নামাজির ব্যাপারে, যারা নামাজ আদায় করেও এর প্রতি যথাযথ গুরুত্ব দেয় না।
তবে নামাজে সাময়িক অন্যমনস্কতা হলেই কেউ এই সতর্কবার্তার অন্তর্ভুক্ত হয়ে যাবে—এমনটি নয়। আয়াতগুলো মূলত এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য তুলে ধরে, যারা নামাজের ব্যাপারে অবহেলাশীল, ইবাদতে লোক দেখানোর প্রবণতা রাখে এবং মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করে না।
১. নামাজের ব্যাপারে উদাসীন যারা
নামাজের প্রতি গাফেলতি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। যেমন—নামাজের সময়কে গুরুত্ব না দেওয়া, ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা, নামাজের বিধিবিধান ও হক আদায়ে অবহেলা করা কিংবা নামাজকে জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা না করা।
আল্লাহ তাআলা বলেন, ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন, আয়াত ৪-৫)
সময়মতো নামাজ আদায়ের গুরুত্বও হাদিসে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বলেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ (সহিহ মুসলিম, হাদিস ৮৫)
২. লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে
ইবাদতের অন্যতম মূল বিষয় হলো ইখলাস—অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা। মানুষের প্রশংসা, সম্মান কিংবা নিজেকে ধর্মপরায়ণ হিসেবে তুলে ধরার জন্য ইবাদত করা সেই ইখলাসের পরিপন্থী।
আল্লাহ তাআলা সুরা মাউনে এমন ব্যক্তিদের উল্লেখ করে বলেন, ‘যারা লোক দেখানোর জন্য ইবাদত করে।’ (আয়াত ৬)
এ ছাড়া মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে কোরআনে বলা হয়েছে, ‘তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়; তারা মানুষকে দেখায়...।’ (সুরা নিসা, আয়াত ১৪২)
৩. নামাজ পড়ে, কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না যারা
নামাজের প্রভাব শুধু মসজিদ বা নামাজের জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয়। একজন মানুষের চরিত্র, আচরণ ও সামাজিক দায়িত্ববোধেও ইবাদতের প্রভাব প্রতিফলিত হওয়া উচিত।
সুরা মাউনের শেষ আয়াতে বলা হয়েছে, ‘এবং তারা সামান্য সাহায্য-সহযোগিতাও করতে চায় না।’ (আয়াত ৭)
অর্থাৎ নামাজের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অসহায় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা এবং সমাজের প্রতি দায়িত্বশীল থাকা একজন মুমিনের চরিত্রের গুরুত্বপূর্ণ দিক।
নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মহান নিয়ামত। তাই নামাজ হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। নামাজের সময় ও হক আদায়ে যত্নশীল হওয়ার পাশাপাশি এর শিক্ষা ও প্রভাব যেন মানুষের আচরণেও প্রকাশ পায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আল্লাহ আমাদের নামাজ কবুল করুন, গাফেলতি ও রিয়া থেকে হেফাজত করুন এবং নামাজের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।