ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

লালগ্রহ চষে বেড়াচ্ছে চী‌নের ‘জুরং’, চলছে অনুসন্ধান

‌বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ২২ মে ২০২১
লালগ্রহ চষে বেড়াচ্ছে চী‌নের ‘জুরং’, চলছে অনুসন্ধান
ফাইল ছবি

মঙ্গলগ্রহে অবতরণের পর চীনের মঙ্গলযান তিয়ানওয়েন-১-এর জুরং নামে রোভার একাধিক ছবি পাঠিয়েছে। আজ শনিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে মঙ্গলপৃষ্ঠে তিয়ানওয়েন-১-এর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয় রোভারটি। এরপরই লালগ্রহের বুকে চলাফেরা ও অনুসন্ধান শুরু করে জুরং।

২০২০ সালের ২৩ জুলাই মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চীনের প্রথম মঙ্গলযান ‘তিয়ানওয়েন-১’। কোটি কোটি মাইল পাড়ি দিয়ে গত ফেব্রুয়ারি থেকে মঙ্গলের কক্ষপথে ঘুরছে এই মহাকাশযান। প্রায় তিন মাস মঙ্গলযানটি মঙ্গলকে প্রদক্ষিণ করে এবং ল্যান্ডার অংশের অবতরণের জন্য সুবিধাজনক জায়গা বাছাই করে। সম্প্রতি সেই জায়গায় ল্যান্ডার সফলভাবে অবতরণ করে। আজ সেই ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কাজ শুরু করে রোভার ‘জুরং’।

মঙ্গলের বুকে ‘জুরং’ অন্তত ৯০টি মঙ্গল দিবস ঘুরে বেড়াবে। রোভার জুরংয়ের কাজের মধ্যে আছে মঙ্গলে চলাফেরা করা, মঙ্গলপৃষ্ঠের ম্যাপিং করা, মাটির বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা, পানির অস্তিত্ব খুঁজে দেখা ইত্যাদি। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নজরে আসে তবে সেটিকে বিশেষভাবে পর্যবেক্ষণও করবে জুরং।

Advertisement

চীনের মহাকাশ গবেষণা সংস্থার কর্তা চি ওয়াংয়ের দাবি, তাদের এই মিশনই এ পর্যন্ত মঙ্গলে যত অভিযান হয়েছে, তার মধ্যে সেরা হতে চলেছে। সৌরজগতের চার নম্বর গ্রহের আবহাওয়া, ভূপৃষ্ঠ থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়ে তারা পর্যবেক্ষণ চালাবে বলে দাবি তার। ফলে লালগ্রহ সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে।

তিয়ানওয়েন-১-এর অরবিটার অংশটি মঙ্গলকে প্রদক্ষিণ করে চলেছে। জুরং এই অরবিটারের মাধ্যমেই পৃথিবীতে বিভিন্ন তথ্য-উপাত্ত প্রেরণ করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!