মেয়েটির গায়ে রয়েছে রাশিয়ার পতাকা। আর তার প্রেমিকের গায়ে রয়েছে ইউক্রেনের পতাকা। সৌজন্য, শান্তি এবং সহমর্মিতার বার্তা দিয়ে এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অনেকেই।
ভারতের কংগ্রেসের সাংসদ শশী থারুর এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘মর্মস্পর্শী; ইউক্রেনের পতাকা গায়ে জড়ানো এক যুবক আলিঙ্গন করে রয়েছে রাশিয়ার পতাকা গায়ে জড়ানো এক তরুণীকে। আসুন আমরা আশা করু যুদ্ধ এবং দ্বন্দ্বের উপরে ভালবাসা, শান্তি এবং সহাবস্থানের জয় হবে।’
.png)
তবে যে ছবি নিয়ে এত হইচই হচ্ছে, জানা গিয়েছে সেটি ২০১৯ সালের একটি কনসার্টে তোলা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে রাশিয়ার তরুণী জুলিয়ানা কুজনেৎসোভা তার ইউক্রেনের প্রেমিক পোল্যান্ডে একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেখানে তারা দেখতে পান এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পতাকা। সেখানেই তারা ঠিক করেন নিজেদের দেশের পতাকা গায়ে জড়িয়ে একে অন্যকে আলিঙ্গন করবেন।
২০১৯ সালেই ওই রুশ তরুণী ওয়াশিংটন পোস্টের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের এই ছবির সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় নেই। ইন্টারনেট মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর বুঝতে পেরেছিলেন হয়তো এই একটা ছবি কিছু মানুষকে আশা-ভরসা দিতে পারে যে যাই হোক সব ঠিক হয়ে যাবে, ভালবাসার জয় হবে।
২০১৯ সালে মানে আজ থেকে তিন বছর আগে এই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিল। ফের ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় নতুন করে এই ছবি ভাইরাল হয়েছে।