সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন তার সাবেক প্রেস সচিব ও প্রবীণ সাংবাদিক মারুফ কামাল খান। শনিবার (১৫ আগস্ট) সকালে প্রকাশিত এই চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, অটল দেশপ্রেম এবং দেশের প্রতি তাঁর আজীবন দায়বদ্ধতার চিত্র ফুটে উঠেছে।
চিঠিতে মারুফ কামাল খান উল্লেখ করেন, দেশের চরম ক্রান্তিকালেও অদম্য সাহসিকতায় খালেদা জিয়া ঘোষণা করেছিলেন
.png)
‘বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই।’ পরিশেষে সেই দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। জনগণের কল্যাণে তিনি জীবনের অর্জিত সমস্ত সামর্থ্য বিলিয়ে দিয়েছিলেন এবং ইতিহাস নির্ধারিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেই বিদায় নিয়েছেন বলে মন্তব্য করেন তার সাবেক এই প্রেস সচিব।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতিকূলতা ও প্রতিপক্ষের ভূমিকার কথা স্মরণ করে তিনি লেখেন, যারা তাকে নানা অপমানে হেয় করতে চেয়েছিল এবং জীবনীশক্তি ক্ষয় করার চেষ্টা করেছিল, আজ তারা ইতিহাসের আড়ালে ম্লান। অপরদিকে সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা পেরিয়ে তিনি আজ স্বমহিমায় দেদীপ্যমান। যেসব আইন ও প্রতিষ্ঠান তাকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল, আজ সেগুলোই তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছে।
নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে মারুফ কামাল খান বলেন, খালেদা জিয়ার সান্নিধ্যে থেকে দেশ ও জাতির সেবা করার সুযোগ পাওয়া ছিল এক পরম সৌভাগ্য। একজন সামান্য লেখক-সাংবাদিক হিসেবে নিজের পরিচয়কে তার নামের সাথে যুক্ত করার অধিকার দেওয়ায় তার পুণ্যস্মৃতির প্রতি সকৃতজ্ঞ অভিবাদন জানান তিনি।