‘আমি মরি নাই! আমি মিজানুর রহমান সোহেল। পেশায় লেখক ও সাংবাদিক। এবং হ্যাঁ, আমি এখনো জীবিত আছি’—সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের জীবিত থাকার তথ্য এভাবেই নিশ্চিত করেন এই সাংবাদিক।
সোমবার সকাল থেকেই পরিচিতজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের টানা ফোনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েন মিজানুর রহমান সোহেল। আত্মীয়স্বজনরা আকস্মিকভাবে ফোন করে তার খোঁজ নিতে শুরু করলে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এক অদ্ভুত ভুলের কথা।
.png)
ঢাকার হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। যেখানে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে নিহত ‘শহীদ’ সাংবাদিক সোহেল আকাঞ্জির জায়গায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রকাশ্য স্থানে এমন বিভ্রান্তিকর তথ্যে চরম বিস্ময় ও হতাশা প্রকাশ করে মিজানুর রহমান সোহেল জানান, একজন জীবিত মানুষকে মৃত বা শহীদ হিসেবে জনসম্মুখে উপস্থাপন করা কেবল কোনো সাধারণ ভুল নয়, এর সাথে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন জড়িত। সাংবাদিকদের আত্মত্যাগকে স্মরণে এমন উদ্যোগ প্রশংসনীয় হলেও প্রেজেন্টেশনে দায়িত্বশীলতা ও সঠিক তথ্য যাচাই অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন তিনি।