ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলি-সৌরভদের বিরুদ্ধে জুয়ায় প্ররোচনার অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ৪ নভেম্বর ২০২০
কোহলি-সৌরভদের বিরুদ্ধে জুয়ায় প্ররোচনার অভিযোগ
বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি

ভারত তো বটেই, সারা বিশ্বেই অন্যতম পরিচিত মুখ সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি। প্রথমজন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমানে দেশের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি। আরেকজন ভারতের বর্তমান অধিনায়ক। দুজনকে নিয়ে ইতিবাচক খবরই বেশি বের হয়, তবে এবার দুজনই নেতিবাচক কারণে শিরোনামে। জুয়ায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারা। 

এরই মধ্যে সৌরভ ও কোহলির বিরুদ্ধে জুয়ায় প্ররোচনার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তারকারা সাধারণ মানুষের জীবন সম্পর্কে ধারণা না রেখে শুধু নিজেদের লাভের কথা ভাবেন। একারণে অর্থের বিনিময়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের দূত হিসেবে কাজ করেন।

শুধু সৌরভ ও কোহলিই নন। এই অভিযোগ আনা হয়েছে রুপালী পর্দার তারকা তামান্না ভাটিয়া, রানা, প্রকাশ রাজ এবং সুদীপ খানের বিরুদ্ধেও। তাদের অপরাধ, জুয়ায় প্ররোচিত করে এমন একটি অনলাইন ফ্যান্টাসি গেমের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। আর তাদের দেখে এসব জুয়ায় আকৃষ্ট হয়ে তরুণ প্রজন্ম সর্বস্ব হারাচ্ছে। এমনকি সাম্প্রতিক সময়ে অনেক তরুণই এসব গেমিং প্রতিষ্ঠানের পেছনে কাড়ি কাড়ি টাকা খুইয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

সৌরভ ও কোহলি দুজনকেই মাদ্রাজের উচ্চ আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট গেমিং প্রতিষ্ঠানগুলোকেও নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এই মামলাটি দাখিল করেছেন মোহাম্মদ রিজভি নামের এক আইনজীবী। এর আগে জুয়ার বিজ্ঞাপন করায় চেন্নাইয়ের এক আইনজীবী কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের পর দম ফেলার সময় পাননি কোহলি। এবার মাস তিনেক যেতেই নতুন অভিযোগে কাঠগড়ায় তিনি, সঙ্গী হিসেবে পাচ্ছেন সৌরভকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!