বাংলাদেশের কেউ পিএসএলের পঞ্চম আসরে দল পায়নি। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে লিগ পর্ব শেষে পিএসএল স্থগিত হয়। টুর্নামেন্টের বাকি অংশ ১৪ নভেম্বর করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমির প্লে-অফ দিয়ে শুরু হবে।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে ভিড়িয়েছে তামিমকে। ১৪ নভেম্বর এলিমিনেটরে তামিমের দলের প্রতিপক্ষ পেশাওয়ার। ওই ম্যাচ জিতলে লাহোর পাবে ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকিট, যেখানে তারা খেলবে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।
.png)
এই ম্যাচে জয়ীরা নিশ্চিত করবে ১৭ নভেম্বরের ফাইনাল। অর্থাৎ প্রতি ম্যাচই তামিমদের জন্য ফাইনাল। প্রথম এলিমিনেটরেই লাহোর হেরে গেলে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হবে বাংলাদেশি ওপেনারকে।
পিএসএলে তামিমের সঙ্গী হওয়ার কথা ছিল মাহমুদউল্লাহরও। তাকে দলে টেনেছিল মুলতান। কিন্তু দুইবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ায় মাহমুদউল্লাহর ঠিকানা এখন চার দেয়াল। তামিমও দুইবার করোনা পরীক্ষা করিয়েছেন।
সোমবার সন্ধ্যায় দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে দেশসেরা ওপেনারের।
হঠাৎ করে আসা সুযোগটির সর্বোচ্চ ব্যবহার করতে তামিম জোরেশোরেই প্রস্তুতি নিয়েছেন। মিরপুর শের-ই-বাংলায় মেন্টর মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ট্রেনিং করেছেন।