জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধির লক্ষ্য সুমনের
শিশু-কিশোরদের ভার্চুয়াল গেম থেকে বের করে শারিরীক ভাবে খেলাধুলার মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করলো জাতীয় দলের সাবেক শাটলার রাসেল কবির সুমনের ‘ফয়সাল ব্যাডমিন্টন একাডেমি’।
সোমবার শ্যামলীতে ‘ফয়সাল ব্যাডমিন্টন একাডেমি’র উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এ সময় জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিম গোল্লা ও সানোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা সহ সাবেক ও বর্তমান চ্যাম্পিয়ন শাটলাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। ৪৪/২০ ফুট কোর্টের একাডেমিতে প্রথম দিনেই ১০ জন শাটলার প্রশিক্ষণে অংশ নেন।
.png)

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, সবাই এখন কিছু না কিছু করতে চায়। আমাদের বাচ্চারা এখন কোনো না কোনো খেলাধুলায় থাকতে চায়। ব্যাডমিন্টন এমন একটা খেলা যা আমরা সবাই খেলি। আমরা জানি এটা শীতের খেলা তবে সারাবছর অনেক মানুষ ব্যাডমিন্টন খেলে। কিন্তু একটা অসুবিধা হয় অনেকের সুযোগ থাকে না খেলার। এই একডেমির মাধ্যমে শুধু ব্যাডমিন্টন খেলা শিখতেই পারবে না বরং খেলার সুযোগ পাবে। ব্যাডমিন্টন খুবই বুদ্ধির খেলা। সুযোগের অভাবে আমারা আমাদের প্রতিভাটা দেখাতে পারি না। সুযোগ পেলে আমাদের বিশ্বমানের খেলোয়ার বের হতে পারে। এখানে যেটা দেখলাম নিয়ম অনুযায়ীই ব্যাডমিন্টন খেলাটা শেখানো হবে। আমি বিশ্বাস করি এখান থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হয়তো বয়ে আনবে।
প্রাথমিক পর্যায়ে ৩৫ জন খুদে শার্টলার নিয়ে শুরু হবে বছর ব্যাপি প্রশিক্ষণ। প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করবেন জাতীয় পর্যায়ে ১৬ শিরোপা জয়ী খেলোযাড় ও কোচ রাসেল কবির সুমন।
তিনি জানান, ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। নিজের বিবেকের কাছেই পরাজিত হবো যদি নতুন প্রজন্মের শাটলার গড়তে না পারি। ভালোবাসা থেকেই এই প্রয়োগ। সবার কাছে দোয়া চাই এখান থেকেই যেন জাতীয় ব্যাডমিন্টন দলের পাইপলাইন তৈরি করতে পারি। খুদে শাটলারদের মাঝে প্রতিভা আছে। প্রয়োজন সঠিক তত্ত্বাবধান।