ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইম্বলডন ও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৭ জুন ২০২১
উইম্বলডন ও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল
রাফায়েল নাদাল

টেনিসের মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছেন স্পেনের রাফায়েল নাদাল। এই স্প্যানিশ খেলোয়াড় বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। নিজেকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ফরাসি ওপেনে সেমিফাইনালের প্রথম সেটে জিতেও শেষ পর্যন্ত নোভাক জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন প্রতিযোগিতাটির ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল। দুটি প্রতিযোগিতা থেকে এই তারকা নাম তুলে নেয়ায় প্রশ্ন উঠেছে যে তিনি চোট নিয়েই ফরাসি ওপেনে খেলেছিলেন কি না। কেউ কেউ ভাবছেন, হয়তো চোটের কারণেই সেমিফাইনালে তার থেকে সে ভাবে লড়াই দেখতে পাওয়া যায়নি।

নাদাল টুইটারে লিখেছেন, ‘আমি এ বছরের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছি না। এমন সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

Advertisement

তিনি আরো লিখেছেন, ‘আমি এই দু’মাসে প্রচুর পরিশ্রম করেছি। আমি টেনিস জীবনকে আরো দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলে নিজেকে খুশি রাখতে চাই।’

এই টেনিস তারকা যোগ করেন, ‘যেহেতু রোলা গারো এবং উইম্বলডনের মাঝে মাত্র ২ সপ্তাহ বাকি রয়েছে, তাই খেলার চাপ এবং ধকল কাটিয়ে উঠতে আমার শরীরের সময় লাগবে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত।’

নাদাল জানিয়েছেন, পেশাদার জীবনের এই সময়ে এসে শরীরের সমস্যাকে অগ্রাধিকার দিতে চান তিনি। ট্রফি জেতার খিদে এবং চাহিদা তার কাছে এখনো একইরকম থাকবে। 

এ বিষয়ে তার বক্তব্য, ‘অলিম্পিক গেমস যে কোনো ক্রীড়াবিদের কাছে অগ্রাধিকার পাবে। সবাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকে। আমি তিন বার অলিম্পিকে অংশগ্রহণ করেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!