যে কারণে কেক কাটলেন নান্নু-ডমিঙ্গোরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। এই আনন্দের রেশ সবচেয়ে বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। দারুণ এই সাফল্যে কেক কেটে উদযাপন করেছেন জাতীয় দলের কোচ ও নির্বাচকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির আয়োজনে সম্প্রতি অজিদের বিপক্ষে সাফল্যের পেছনের মানুষদের নিয়ে ছোটখাটো উদযাপন করা হয়।
বাংলাদেশ দল খারাপ করলে নির্বাচক ও কোচদের সমালোচনার সাগর পাড়ি দিতে হয়। দলের সাফল্যে তাই তাদের উদযাপনও সাজে। এ কারণে আকরাম খানের ক্রিকেট অপারেশন্স কমিটি কোচ-নির্বাচকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয়।
.png)
আকরাম খান এ বিষয়ে জানান, ডমিঙ্গো-নান্নুদের নিয়ে এমন উদযাপন আরো করতে চান। বিষয়ে তিনি বলেন, ছোট্ট একটা কেক কেটে উদযাপন করলাম। ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। এর মধ্যে এটাও গুরুত্বপূর্ণ এক অর্জন। খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছে, আশা করি ভবিষ্যতে কেক কাটার আরো অনেক সুযোগ পাব।
আকরাম আরো বলেন, আমাদের তো প্রায়ই মিটিং হয়। বায়োবাবলের জন্য আগের মত সরাসরি মিটিং করতে পারি না। এখন সুযোগ পেয়েছি। এই সাফল্যের পেছনে ওদের অবদানও তো অনেক বেশি। বিশেষ করে নির্বাচক, এডমিনিস্ট্রেশন- ওরা প্রচুর কাজ করে, আমরা দেখি না, মূল্যায়ন করি না।