দ্বিতীয়স্থানে রুট, উন্নতি হয়েছে রাহুলের
অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনকে টপকে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ৮৯৩ রেটিং নিয়ে এখন দ্বিতীয়স্থানে রুট। ৯০১ রেটিং নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করেন রুট। নটিংহ্যামে ১৮০ রানের পর লর্ডসে নান্দনিক ইনিংস খেলেন তিনি। এই দুই ইনিংসের সুবাদে টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে উঠলেন রুট। এতে পেছনে পড়ে গেলেন স্মিথ ও লাবুশেন। ৮৯১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে স্মিথ। রুটের চেয়ে ২ রেটিং পেছনে স্মিথ। ৮৭৮ রেটিং নিয়ে চতুর্থস্থানে লাবুশেন। ৭৭৬ রেটিং নিয়ে পঞ্চমস্থানেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
নটিংহামে ৮৪ রানে আউট হলেও লর্ডসে সেঞ্চুরি তুলে নেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রান করেন তিনি। ফলে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৯ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। তার সংগ্রহে ৫৫৯ রেটিং রয়েছে।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৬২ রানে ৫ উইকেট নেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। ক্যারিয়ারের ৩১তম এবং লর্ডসে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নেন তিনি। এতে টেস্ট র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠেছেন এন্ডারসন।
বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের। লর্ডস টেস্টে ৮ উইকেট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ৩৮তমস্থানে উঠেছেন সিরাজ।