এর আগে উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নেন নাদাল। শুক্রবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইউএস ওপেনসহ এই বছরের বাকি থাকা কোনো টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
পুরুষ এককে রজার ফেদেরার ও নোভাক জকোভিচের পাশাপাশি সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। তিনি জানিয়েছেন, যেভাবে টেনিসে ফিরতে চেয়েছিলেন পুনর্বাসন প্রক্রিয়া সেভাবে এগোয়নি। সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি শক্তিশালী হয়ে ফিরে আসার আশ্বাস দিয়েছেন এই খেলোয়াড়।
.png)
নাদাল লিখেছেন, আপনাদের জানাতে চাই যে, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ২০২১ মৌসুম শেষ করতে হচ্ছে। সত্যি বলতে এক বছর ধরে আমার পা নিয়ে যতটা কষ্ট হওয়ার কথা ছিল এর চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি। ফলে আমার কিছু সময় নেয়া দরকার।
তিনি আরো লেখেন, আমি সেরে উঠতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। সবার সমর্থন, বোঝাপড়া এবং আপনাদের ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ। আমার জন্য এসব খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে এটা আরো বেশি দরকার। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই খেলাটি আরো কিছুদিন উপভোগ করার জন্য কঠোর পরিশ্রম করে যাব।