তামিমকে মিস করবে বাংলাদেশ দল: প্রধান নির্বাচক
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ওপেনার তামিম ইকবাল। সেই তামিমই নেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। গত ১ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় এই বাঁহাতি ওপেনার জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে খেলবেন না তিনি।
বৃহস্পতিবার তামিমকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
মিরপুর শের ই বাংলায় প্রেস কনফারেন্সে তামিমের না থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপে তার মতো দেশসেরা ওপেনারকে না পাওয়া দুর্ভাগ্যের ব্যাপার। তামিমকে মিস করবে বাংলাদেশ দল।
.png)
নান্নু বললেন, ‘অবশ্যই তামিম ইকবাল তিন ফরম্যাটে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। ও নিজে থেকে সরিয়ে নিয়েছে, আমরা আত্মবিশ্বাসী ছিলাম বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো। পাইনি এটা আমাদের দুর্ভাগ্য, আমরাও মিস করবো তামিমকে। আমরা আত্মবিশ্বাসী ও আবার ফিরে আসবে।
ইনজুরির কারণে একাধিক টি-২০ সিরিজ খেলতে পারেননি তামিম। এই ফরম্যাটে তামিম সবশেষ মাঠে নেমেছেন প্রায় দেড় বছর আগে।
এজন্য গত অস্ট্রেলিয়া সিরিজে তামিমকে টপকে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব আল হাসান। বাকি দুই ফরম্যাটে অবশ্য এখনো শীর্ষে তামিম।
তামিমের না থাকা বিশ্বকাপে ওপেনিংয়ে শূন্যতা নিয়ে নান্নু বলেন, যারা সুযোগ পেয়েছে তারা বিরাট প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং তাদের সামর্থ্য আছে ভালো করার ইনশাআল্লাহ। বিশ্বকাপ স্কোয়াডে যারা আছে ওপেনার, তাদের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী তারা ভালো করবে।