ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার বিপিএল চ্যাম্পিয়ন পাবে ১ কোটি টাকা

বিপিএল ২০২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২২ ডিসেম্বর ২০২১
এবার বিপিএল চ্যাম্পিয়ন পাবে ১ কোটি টাকা
ফাইল ছবি

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বিপিএলের অষ্টম আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পাবে ১ কোটি টাকা।

বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরোপাজয়ী দল ১ কোটি টাকা পাবে। এছাড়া রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান অর্জন করা দল প্রাইজমানি হিসেবে পাবে ৫০ লাখ টাকা।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘প্রাইজমানি নিয়ে আজকের সভায় কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার আপ দলের জন্য ৫০ লাখ টাকা চূড়ান্ত করা হয়েছে।’

Advertisement

এছাড়া মল্লিক জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরুর সিদ্ধান্ত এখনো বহাল রেখেছে। নিউজিল্যান্ড সফর শেষ করে ক্রিকেটাররা দেশে ফেরার পরই বাজবে বিপিএলের দামামা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দল আসার কথা। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু করার ইচ্ছা। আর ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলব।’

এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে মল্লিক বলেন, করোনা পরিস্থিতি ও ঠাসা সূচির কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা ক্ষীণ।

তার ভাষায়, ‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। সবার সাথে এ নিয়ে আলোচনা হয়েছে। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। এখনই একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!