নারী জাতীয় ক্রিকেট দলের বেতন সবশেষ গত জুনে বেড়েছিল। এরপর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো মূল ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।
এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই নারী ক্রিকেটারদের বেতন ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধির দাবি ওঠে। তাই ৬ মাসের ব্যবধানে আবার বেতন বাড়ছে সালমা খাতুন, জাহানারা আলমদের। তাদের জন্য সুখবর, এবার বেশ মোটা অঙ্কের বেতন বাড়ানো হচ্ছে।
.png)
গতকাল (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, আগের বেতনের থেকে ৩৩ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন নারী দলের ক্রিকেটাররা।
এ বিষয়ে পাপন বলেন, ‘গত বছর ওরা (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেক ভালো করেছে। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে।’
তিনি আরো বলেন, ‘স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ বেতন বৃদ্ধি করি। তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো আমরা মেয়েদের পারিশ্রমিক যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’
এর আগে গত ১৫ জুন বিসিবি বোর্ড মিটিংয়ে নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সালমাদের বেতন বাড়ছে ২০ শতাংশ। একই সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয় তাদের। তবে এবার বেতন বাড়লেও নারীদের ম্যাচ ফি বাড়ছে না।