প্রতিপক্ষকে ৬৪ রানে অল আউট করে ২২৭ রানে বড় জয় পেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে টাইগার যুবারা। কুয়েতকে মাত্র ৬৪ রানে অল আউট করে ২২৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
শারজায় মাহফিজুলের সেঞ্চুরি ও মেহরাবের ঝড়ো ২৪ বলে ৪২ রানের উপর ভর করে ৪৯.২ ওভারে ২৯১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে ৭ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুয়েত। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মিট ভাস্বর। এছাড়া মির্জা আহমেদ ১১ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া মেহেরব ও রাকিবুল হাসান দুটি এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান একটি করে উইকেট নেন।
.png)
এর আগে সংযুক্ত আরব আমিরাতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে মির্জা আহমেদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি।
তিনে নামা আইচ মোল্লাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মাহফিজুল। সাবধানী শুরু করা ডানহাতি এই ব্যাটসম্যান পরে রানের গতিতে দম দেন। ৮৪ রানের জুটি ভাঙে আইচের বিদায়ে। কট বিহাইন্ড হন তিনি। ফেরেন ৩৯ বলে ৩ চারে ২০ রান করে। দ্বিতীয় উইকেটে ভাঙে ৮৪ রানের পার্টনারশিপ।
এরপর আরিফুল ইসলাম ক্রিজে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ২৪ বলে ২৩ রান করে বিদায় নিতে হয় তাকেও। আরিফুলের আউটের পরেও দলের রানের গতি শ্লথ হতে দেননি মাহফিজুল। অপর প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম।
চতুর্থ উইকেটে দুজনের ৪৪ রানের পার্টনারশিপের এক পর্যায়ে ১০৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন মাহফিজুল। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর এগোয়নি মাহফিজুলের ইনিংস। সাজঘরে ফেরার আগে ১১৯ বলের মোকাবেলায় ১১২ রান করেন তিনি।
শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন মেহরব হোসেন অহীন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি। পঞ্চাশ ওভারের ম্যাচে ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এর আগে স্কোর বোর্ডে তোলে ২৯১ রান।
কুয়েতের হয়ে আব্দুল সাদিক নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুইটি করে উইকেট হেনরি থমাস ও মুহাম্মদ উমরের। এছাড়া একটি করে নেন মিরাজ আহমেদ ও আব্দুল্লাহ ফারুক।
এই জয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:-২৯১/১০ (৪৯.২)
মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০।
সাদিক ৩/৪০, উমর ২/৪৫।
কুয়েত অনূর্ধ্ব-১৯ দল:- ৬৪/১০ (২৫.৩)
রিপন ৩/১০, মেহেরব ২/১৪, রাকিবুল ২/৬।