ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকা স্টার্সের মালিকানা নিয়ে নাটকীয়তা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৭ ডিসেম্বর ২০২১
ঢাকা স্টার্সের মালিকানা নিয়ে নাটকীয়তা
ঢাকা স্টার্সের লোগো

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা স্টার্সের মালিকানা নিয়ে সৃষ্টি হয়েছে নাটকীয়তা। অবশ্য বিপিএলে ঢাকার অংশগ্রহণ নিয়ে এখনো কোনো শঙ্কা নেই।

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। এবার এতে অংশ নিচ্ছে ছয়টি দল, যার চারটি ফ্র্যাঞ্চাইজিই নতুন। এর মধ্যে অন্যতম ছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজিও।

বিশেষ এক সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে না পারায় ঢাকা স্টার্সের মালিকপক্ষ রূপা ও মার্ন গ্রুপকে বিপিএলে মালিকানা দেওয়া হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিটির পরিবর্তে প্লেয়ার্স ড্রাফটে ঢাকার দল গোছাবে খোদ বিসিবি। অর্থাৎ, বিসিবি প্রতিনিধিরাই ঢাকার দল গোছাবেন।

Advertisement

এ কারণে রূপা ও মার্ন গ্রুপ অংশ নিতে না পারলেও বিপিএলে অংশগ্রহণকারী দল ৬টিই থাকছে। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি এই দলের মালিকানা পেতে চাইলে নির্ধারিত শর্তাবলী মেনে দলটি কিনতে পারবে।

এদিকে শর্ত পূরণের জন্য রোববার পর্যন্ত সময় চেয়েছিল রূপা ও মার্ন গ্রুপ। তবে গত শুক্রবারের বোর্ড সভাতেই সিদ্ধান্ত হয়, শর্ত পূরণ না করায় তাদের এই আসরে রাখা হচ্ছে না। বিসিবি তাদের সিদ্ধান্তে এখন পর্যন্ত অনড়।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো না আসলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দেশের এজ গণমাধ্যমকে রূপা ও মার্ন গ্রুপের শর্ত পূরণ করতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রূপা ও মার্ন গ্রুপের সাথে যোগাযোগ করা হলে সেই গণমাধ্যমকে জানানো হয়, ‘আমাদেরকে রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আজ আমরা সিকিউরিটি মানির পে অর্ডার নিয়ে বিসিবিতে আসলেও তা আর গ্রহণ করা হয়নি।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!