খেই হারিয়ে রান আউটের স্বস্তিতে টাইগাররা
নতুন বছরের প্রথম দিনটিই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াই দিয়ে শুরু করলো বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরুতে আঘাত হেনে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল মমিনুল বাহিনী। তবে সময় গড়াতেই খেই হারিয়ে ফেলে টাইগাররা।
একে একে বাংলাদেশি বোলারদের ছন্নছাড়া আক্রমণে সুযোগ নিয়ে উইকেটে নিজেদের জমিয়ে ফেলেন দুই কিউই টপ অর্ডার ব্যাটার উইল ইয়াং ও ডেভন কনওয়ে। অবশ্য ইয়াং ফিফটি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি।
বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। তাসকিন, শরিফুল ও ইবাদতকে নিয়ে সাজানো টাইগারদের পেস আক্রমণের শুরুটাও ভালোই ছিল। তাসকিন ও শরিফুল দুজনেই সুইং আদায় করে নেন। তবে প্রথম সাফল্য পান চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা শরিফুল।
.png)
আরো পড়ুন: বিশ্ব দরবারে দেশের পতাকা সমুন্নত রেখেছে নারী ফুটবলাররা
কিউই ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকে দিনের চতুর্থ ওভারেই বিদায় করেন শরিফুল। তার ভেতরে ঢোকা বল ল্যাথামের (১) ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় পেছনে। আর ঝাঁপিয়ে তা এক হাতে তালুবন্দি উইকেটরক্ষক লিটন দাসে।
ল্যাথাম বিদায় নেয়ার পর উইকেটে থিতু হয়ে রানের ফোয়ারা ছোটান ইয়ং ও কনওয়ে। অথচ ইয়াং প্রথম রানের দেখা পান ২২ বল খেলে। কনওয়েও ২২ বলে রান করেন মাত্র ২। তবে ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন দুজনেই। ১০২ বলে জুটিতে ফিফটি রান আসে। প্রথম সেশনটা আর কোনো উইকেট হারাতে দেননি তারা।
আর কনওয়ে ও ইয়াং দ্বিতীয় সেশনে কিছুটা মারমুখী ভূমিকায় অবতীর্ন হন। মেহেদী হাসান মিরাজের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ১০১ বলে ফিফটি তুলে নেন কনওয়ে। পরে ১৩১ বলে ফিফটির দেখা পান ল্যাথাম। দুজনের জুটিতে আসে ১৩৮ রান। এরপর মিরাজের বলে সিঙ্গেল নিতে গিয়ে নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে রানআউটের শিকার হন ইয়াং (৫২)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা পানের বিরতিতে গেছে দুই দল। ৫৪ ওভারে ২ উইকেট হারিয়ে কিউইদের প্রথম ইনিংসের এখনকার সংগ্রহ ১৪৭ রান।