যে বার্তা দিলেন ম্যাচসেরা এবাদত
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার ভোরে কিউইদের ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আগের দিন ৪ উইকেট নেয়া এবাদত হোসেন ছিলেন শেষ দিনেও নায়ক। ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
এবাদতের হাত ধরে প্রায় ৯ বছর ও ৪৭ ম্যাচ পর টেস্টে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। মূলত এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি।
.png)
ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় এবাদত বলেন, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডের মাটিতে, আমরা গত ২১ বছরে জয় পাইনি। আমরা এবার একটা লক্ষ্য স্থির করেছি। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে। নিজেদের মাটিতে তারা টেস্ট চ্যাম্পিয়ন, আমরা পারলে আমাদের পরবর্তী প্রজন্মও তাদের হারাতে পারবে।
এবাদত আরো বলেন, গত দুই বছরে আমি ওটিস গিবসনের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছি। আমাদের ঘরের কন্ডিশন সবসময়ই ফ্ল্যাট থাকে। আমরা এখনও শিখছি কিভাবে বোলিং করতে হয় এবং দেশের বাইরের কন্ডিশনে রিভার্স সুইং করতে হয়। আমি স্টাম্পের উপরে আঘাত করার চেষ্টা করছি।
তিনি যোগ করেন, সফলতার জন্য ধৈর্য ধরে বল করে গেছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেটে আসা দীর্ঘ একটি গল্প । আমি ক্রিকেট উপভোগ করছি। বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে।
৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে এক ঘণ্টাও লাগেনি বাংলাদেশের। এরপর ৪০ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় দুটি উইকেট হারাতে হয় বটে, জয়ের মাহাত্ম্য তাতে কমেনি একটুও। কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।