ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা দেল রে’র শেষ ১৬ তে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ৬ জানুয়ারি ২০২২
কোপা দেল রে’র শেষ ১৬ তে বার্সেলোনা
বার্সেলোনা দল

লোয়ার টায়ারের দলের সঙ্গে কষ্টার্জিত জয়ে শেষ পর্যন্ত কোপা দেল রে’র শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা। এদিকে তৃতীয় বিভাগের দল অ্যাথলেটিকো বেলিয়ারেসের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে সেল্টা ভিগো।

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তৃতীয় টায়ারের দল লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে পরাজিত করেছে বার্সেলোনা।

বার্সেলোনা ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে ও ফেরান জুটগালার গোলে লিনারেসের বিপক্ষে জয় কষ্টার্জিত জয় নিশ্চিত হয়। ১৯ মিনিটে হুগো ডিয়াজের গোলে স্বাগতিক লিনারেস এগিয়ে গিয়েছিল। ৬৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে সমতা ফেরান ডেম্বেলে। ৬ মিনিট পর জুটগালার গোলে বার্সেলোনা অস্বস্তিদায়ক বিদায় থেকে রক্ষা পায়।

Advertisement

বার্সেলোনায় ফেরার পর এই ম্যাচে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন অভিজ্ঞ দানি আলভেস। ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক ২০০৮-২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় কাটিয়েছেন। এই সময়ে মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ২৩টি শিরোপা জিতেছেন তিনি।

ম্যাচ শেষে আলভেস বলেছেন, ‘এটা আমার জন্য বিশেষ একটি দিন। এই ক্লাবে ফিরে আসতে পেরে এবং আবারো কোপার মাধ্যমে মাঠে নামার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’

এর আগের রাউন্ডে গেতাফেকে ৫-০ গোলে পরাজিত করে বিস্ময়ের জন্ম দেয়া বেলিয়ারেস সেল্টার বিপক্ষে ছিল আগ্রাসী। স্প্যানিশ অ্যাটাকার মানেল মার্টিনেজের দুই গোলে কাল তাদের জয় নিশ্চিত হয়।

মায়োর্কার দ্বীপরাজ্যে নিজেদের ঘরের মাঠে ১৭ মিনিটে কর্ণার থেকে হেডের সাহায্যে স্বাগতিকদের এগিয়ে দেন মার্টিনেজ। বদলী খেলোয়াড় ব্রায়িস মেনডেজ ৬৭ মিনিটে সেল্টার হয়ে সমতা ফেরান। কিন্তু ৭৬ মিনিটে আবারো মার্টিনেজের হেডে বেলিয়ারেসের জয় নিশ্চিত হয়।

দিনের আরেক ম্যাচে ডেনিশ চেরিশেভের স্টপেজ টাইমের গোলে ভ্যালেন্সিয়া দ্বিতীয় বিভাগের দল কার্টাজেনাকে ২-১ গোলে পরাজিত করেছে। মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদ ৩-২ গোলে লেগানেসকে, রিয়াল বেটিস ৩-০ গোলে ভায়াদোলিদকে এবং মায়োর্কা ২-১ গোলে এইবারকে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!