ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুমিনুলের সেই ছবি নিয়ে হাথুরুসিংহের টুইট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ৭ জানুয়ারি ২০২২
মুমিনুলের সেই ছবি নিয়ে হাথুরুসিংহের টুইট
মুমিনুলের ভাইরাল হওয়া ছবি নিয়ে টুইট করেছেন হাথুরুসিংয়ে

বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি ছিলেন চন্ডিকা হাথুরুসিংয়ে। নানা কারণে বাংলাদেশের কোচের পদ থেকে তাকে বাদ দেওয়া হলেও এখনো দেশের ক্রিকেটের খোঁজ নিয়মিত রাখেন তিনি। সম্প্রতি মুমিনুল হকের একটি ছবি টুইট করে সেটাই যেন আরেকবার বুঝিয়ে দিলেন হাথুরু।

মুমিনুল হকের নেতৃত্বে কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে ৮ উইকেটের দারুণ এই জয় নাড়া দিয়েছে বিশ্বক্রিকেটকে।

ইতিহাস গড়া সেই টেস্টে টাইগার অধিনায়ক মুমিনুল হক আর কিউই পেসার কাইল জেমিসনের একটি ছবি ভাইরাল হয়েছিল। বিশাল দেহি জেমিসনের পাশে দাঁড়ানো মুমিনুলকে সেখানে মনে হচ্ছিল লিলিপুট।

Advertisement

মূলত উচ্চতার পার্থক্যে কারণেই এই ছবি নিয়ে এত আলোচনা। আজ (শুক্রবার) সকালে সেই ছবি টুইটারে পোস্ট করে হাথুরুসিংহে তার প্রিয় শিষ্য মুমিনুলের উদ্দেশ্যে লিখেছেন, এই ছোটু, ও (জেমিসন) কি তোমাকে উপেক্ষা করছে? আর পারবে না...।

বাংলাদেশের প্রতি হাথুরুর এই ভালোবাসা ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভরিয়ে দিয়েছে। সত্যিই এখন টাইগারদের কেউ উপেক্ষা করতে পারবে না। নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জয় কিন্তু চাট্টিখানি কথা নয়।

এই টেস্টের আগে দেশের মাটিতে টানা ১৭ টেস্টে হারেনি নিউজিল্যান্ড। গত ১২ বছরে এশিয়ার কোনো দল সেখানে টেস্ট জিততে পারেনি। ভারতের মতো দল গত বছরের মার্চে তারা নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে আর টেস্ট সিরিজে ধোলাই হয়ে এসেছে।

এর আগে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোচ বদলের আওয়াজ উঠেছিল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন আছে বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোকে বরখাস্ত করেছে বিসিবি। যদিও এখন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে আছেন তিনি।

কিছুদিন আগেই সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তাহলে প্রধান কোচ কে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আলোচনায় চলে এসেছিলেন চন্দিকা হাথুরুসিংহে।

টাইগারদের সাবেক এই শ্রীলঙ্কান কোচ দারুণ সব সাফল্য উপহার দিয়েছিলেন। তরুণ প্রতিভা তুলে এনেছিলেন। দেশের ক্রিকেটাঙ্গনের একটি বড় অংশ তাকে ফেরানোর পক্ষে কথা বলছে। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, হাথুরুর সঙ্গে যোগাযোগও নাকি হয়েছে। তবে তিনি কোচ হবেন কি না তা এখনই বলা যাচ্ছে না।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!