ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার ‘জাদুর কৌটা’ এখন অ্যাস্টন ভিলায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ৭ জানুয়ারি ২০২২
বার্সেলোনার ‘জাদুর কৌটা’ এখন অ্যাস্টন ভিলায়
বার্সা ছেড়ে ভিলায় যাচ্ছেন কৌতিনহো

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ফিলিপে কৌতিনহোকে অনেক বার্সেলোনা ভক্তই আদর করে জাদুর কৌটা বলে ডাকেন। তবে লিভারপুল থেকে বড় অঙ্কের বিনিময়ে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এই মিডফিল্ডারকে লোনে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছে বার্সা।

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কৌতিনহো। কিন্তু লিওনেল মেসির ছায়ায় ঢাকা পড়ে দলে থিতু হতে পারেননি তিনি। তাকে কর সহ বছরে ১ কোটি ৬০ লাখ ইউরো বেতন দেয় বার্সা। কিন্তু প্রত্যাশা পূরন না হওয়ায় এর আগে বায়ার্ন মিউনিখে ধারে পাঠানো হয়েছিল তাকে।

দলে পুনরায় যোগ দেওয়ার পরও আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হন কৌতিনহো। এর সঙ্গে যোগ হয় ফুটবলারদের বেতন-ভাতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সৃষ্ট ক্লাবের আর্থিক জটিলতা।

Advertisement

মূলত আর্থিক কারণে ক্লাবটিতে নতুন যোগ দেওয়া ফেরান তরেসকে লা লিগায় নিবন্ধন করতে পারছিল না বার্সেলোনা। সেই সমস্যার সমাধান কৌতিনহোকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব অ্যাস্টন ভিলায় পাঠিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। 

তবে ধারে পাঠালেও কৌতিনহোর বেতনের কিছু অংশ বার্সাকেই পরিশোধ করতে হবে। এদিকে বার্সা ছেড়ে অন্য ক্লাবে যাওয়া তার জন্যও ভালো হয়েছে। তিনি ক্রমেই বার্সার বোঝা হয়ে উঠেছিলেন। দলে সুযোগ পাচ্ছিলেন না। ফর্ম হারিয়ে এখন রীতিমতো হতাশ এই খেলোয়াড়। 

২০২২ বিশ্বকাপের ব্রাজিল দলে সুযোগ পেতে কৌতিনহোকে নিয়মিত খেলতে হবে। বার্সায় থাকলে তিনি সেই সুযোগ পেতেন না। এছাড়া অ্যাস্টন ভিলায় তিনি কোচ হিসেবে পাচ্ছেন তার লিভারপুলের সাবেক সতীর্থ স্টিভেন জেরার্ডকে। ফলে দুই পক্ষের জন্যই দুইয়ে দুইয়ে চার মিলে গেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!