রোববার এফএ কাপে তৃতীয় টায়ারের দল শ্রুশবেরির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সহকারী ম্যানেজার পিটার ক্রাউইটেজ তার দল নিয়ে আজ অনুশীলন করবেন।
করোনার কারণে লিভারপুল কমপ্লেক্সের শুধুমাত্র সিনিয়র দলের ট্রেনিং এলাকাটি বন্ধ করে দেয়া হয়েছিল। যে কারণে ক্লাবটির যুব দলের অনুশীলনে কোন বাঁধা পড়েনি। লিগ ওয়ানের দল শ্রুশবেরির বিপক্ষে অনুর্ধ্ব-২৩ দলের বেশ কিছু খেলোয়াড় হয়ত খেলার সুযোগ পাবে।
.png)
ম্যানেজার জার্গেন ক্লপসহ বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আলিসন বেকার, জোয়েল মাটিপ ও রবার্তো ফিরমিনো। এর মধ্য অ্যানফিল্ডের কালকের ম্যাচে সুস্থ হয়ে কেউ ফিরে আসছেন কি-না এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে করোনোর কারনে পর্যাপ্ত খেলোয়াড় দলে না থাকায় আর্সেনালের বিপক্ষে লিভারপুলের লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল।
অ্যানফিল্ডে ম্যাচটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু লিভারপুল শিবিরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাদের অনুরোধে ইএফএল ম্যাচটি স্থগিত ঘোষণা করে। এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে।
লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সর্বশেষ পরীক্ষায় লিনডার্স ধরা পড়েছেন। তবে আরো অনেকের মধ্যেই মৃদু উপসর্গ রয়েছে। এ কারনে ম্যাচের অংশ নেবার মত পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় আমরা লিগ কর্তৃপক্ষের কাছে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি স্থগিতের আবেদন জানাই।
করোনা ছাড়াও ইনজুরির কারণে থিয়াগো আলকানত্রা, টাকুমি মিনামিনো ও ডিভোক ওরিগি দলের বাইরে রয়েছেন। এছাড়া আফ্রিকান নেশন্স কাপে নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করার কারনে মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও নেবি কেইটা দল ছেড়ে চলে গেছেন।
নতুন তারিখ অনুযায়ী লিভারপুল লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি আগামী ১৩ জানুয়ারি অ্যানফিল্ডে আয়োজন করবে। পরের সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।