ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হাজার ক্লাবে ফারজানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২২
দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হাজার ক্লাবে ফারজানা
বাংলাদেশের ডান-হাতি ব্যাটার ফারজানা হক

দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফরম্যাটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার নজির গড়লেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার ফারজানা হক।

মঙ্গলবার কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক হাজার পূর্ণ করেন ফারজানা।

মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ৭ রান করেন ফারজানা। এতে টি-২০ ক্রিকেটে ৬৯ ম্যাচে ১৮ দশমিক ৬১ গড়ে ১০০৫ রান এখন ফারজানার। এই ফরম্যাটের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি আছে ফারজানার। 

Advertisement

এই তালিকায় ফারজানার পরই আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ ম্যাচে ৮৬১ রান সুলতানার।

ফারজানার আগে বাংলাদেশের পক্ষে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার করতে পারেনি। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৮৯৩ রান রুমানা আহমেদের। এই ফরম্যাটে ফারজানার রান ৪১ ম্যাচে ৮৪১।

মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ।

কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে পেয়েই স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ।

বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করতে পারে মালয়েশিয়ার নারীরা। দলের পক্ষে মাত্র দু’ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন।  অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা ১১ রান করেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে দু’টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন সালমা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি।

৫০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। ৫ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন।

দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। সুলতানা ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!