ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেলের ভালোবাসায় সিক্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৯ জানুয়ারি ২০২২
পেলের ভালোবাসায় সিক্ত রোনালদো
পেলে ও রোনালদো

‘সর্বকালের অন্যতম সেরা’ ফুটবলারের ছোট্ট তালিকা করলে সেখানে পেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও নিশ্চিতভাবেই আসবে। এই দুজনের সম্পর্কটাও কিন্তু দারুণ। ব্যক্তিগত জীবনে দু’জনেই একে অপরের ভালো বন্ধু। আর সেটারই নজির যেন আরেকবার দেখালেন তারা।

ফিফার কাছ থেকে সম্প্রতি বিশেষ এক পুরস্কার পেয়েছেন রোনালদো। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদোর পিঠ চাপড়ে দিলেন ব্রাজিল কিংবদন্তি। আবার সিআর সেভেনও কমেন্টে জানালেন ভালোবাসার কথা।

গেল বছর পর্তুগিজ তারকা ভেঙে দিয়েছেন ইরানের আলি দায়ির করা ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড। বনে গেছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সে উপলক্ষেই রোনালদোকে বিশেষ এক পুরস্কারে ভূষিত করেছে ফিফা।

Advertisement

এরপর রোনালদোকে মেনশন দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন পেলে। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্রিস্টিয়ানো, ফিফার কাছ থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় তোমাকে অভিনন্দন। তোমার সঙ্গে সশরীরে দেখা করে জড়িয়ে ধরতে তর সইছে না আমার। অনেক যত্ন করে আমি তোমার জন্য এই বার্তাটা রেকর্ড করেছি। শিগগিরই দেখা হবে।’

সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়ের প্রশংসা পেয়ে রোনালদোও যারপরনাই খুশি। তিনি সেই পোস্টেই মন্তব্য করেন, ‘যখন পেলে কথা বলে, পুরো বিশ্ব শুনতে থাকে। তিনি একজন চিরকালীন নায়ক, সব প্রজন্মের ও এই খেলাটার একজন কিংবদন্তি। এমন একজন মানুষ যখন তার সম্মান আর প্রশংসার চূড়ান্তটা দেয়, তখন আবেগি না হওয়াটা অসম্ভব।’

এরপর পেলের সঙ্গে শিগগিরই দেখা করার আশাবাদও ব্যক্ত করেন পর্তুগিজ এই মহাতারকা। তিনি লিখেছেন, ‘তিনি সত্যিই বলেছেন, আমরা সবাই একই দলে, ফুটবলের দলে। আপনাকে ধন্যবাদ পেলে। আমি আশা করি, আমি শিগগিরই আপনার সঙ্গে দেখা করতে পারবো। তখন আমরা একসঙ্গে হাসবো, আমাদের ভালোবাসার খেলাটা নিয়ে তখন অনেক কথা বলবো।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!