এবারের বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। একাদশে মুশফিককে রাখা হয়েছে উইকেটরক্ষকের ভূমিকায়।
এছাড়া পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের ২ জন করে ক্রিকেটার স্থান পেয়েছেন দলটিতে। তবে এবারের দলে নেই ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তানের কোনো ক্রিকেটার।
.png)
বিপিএলের অনুশীলনের জন্য সাকিব ব্যস্ত ছিলেন মাঠে। সাংবাদিকদের কাছ থেকে মাঠে বসেই তিনি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিন ক্রিকেটার থাকার খবর পান। নিজের এবং মুশফিক ও মুস্তাফিজের বর্ষসেরা ওয়ানডে জায়গা পাওয়াকে সাকিব মূল্যায়ন করেছেন দেশের ক্রিকেটের সার্বিক উন্নতির সাথে তুলনা করে।
এ বিষয়ে সাকিব বলেন, আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো ব্যাপার। বেশ কয়েক বছর ধরেই আমরা ওয়ানডেতে খুব ভালো দল। আমার কাছে মনে হয়, দেশে এবং দেশের বাইরেও এখন আমরা ভালো দল। এটা তারই একটা স্বীকৃতি যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।
একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল
পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।