ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের মেগা নিলামের শর্টলিস্টে ৫ বাংলাদেশি, সর্বোচ্চ মূল্যে দুইজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ১ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলের মেগা নিলামের শর্টলিস্টে ৫ বাংলাদেশি, সর্বোচ্চ মূল্যে দুইজন
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান

প্রতি ৩ বছর পরপর অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। যেখানে অধিকাংশ দলই গড়া হয় প্রায় নতুন আঙ্গিকে। এবারের আসরে অনুষ্ঠিতব্য মেগা নিলামের জন্য ক্রিকেটারদের শর্টলিস্ট প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

এবার আইপিএলে নতুন করে দুটি দল যোগ হওয়ায় নিলামের আকর্ষণ বেড়ে গেছে বহুগুণ। ফলে চলতি মাসের ১২ ও ১৩ তারিখ হতে যাওয়া এবারের আইপিএল নিলাম নিয়ে মানুষের উৎসাহ ও উদ্দীপনাও বেশি। তবে এখন পর্যন্ত কোথায় হবে এবারের আইপিএল, সেটি স্পষ্ট করে জানায়নি বিসিসিআই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবারও নিলামে আছেন তারা। শর্টলিস্টে থাকা বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ।

Advertisement

সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ দুই কোটি টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। পরের তিন ক্রিকেটার আছেন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে। আইপিএল ২০২২ এর নিলামের জন্য মোট ৫১০ ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। এর মধ্যে ২২০ জন বিদেশি ক্রিকেটার।

বিদেশি ২২০ জনের তালিকায় ৫ বাংলাদেশি সহ অস্ট্রেলিয়ার ৪৭ জন (সর্বোচ্চ), ইংল্যান্ডের ২৪ জন, আফগানিস্তানের ১৭ জন, উইন্ডিজের ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নামিবিয়ার ৩ জন, স্কটল্যান্ডের ২ জন এবং ইউএস,নেপাল ও জিম্বাবুয়ে থেকে ১ জন করে ক্রিকেটার আছেন।

এবারের নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে বসবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে ৭২ কোটি টাকা। গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে তারা। পাঞ্জাব দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদীপ সিং। সব থেকে কম টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। তাদের হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!